রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

হাদির হত্যাকারীদের ফেরত দেয়ার প্রশ্নে যা জানাল ভারত

জাতীয় ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০৯:০২ পিএম

হাদির হত্যাকারীদের ফেরত দেয়ার প্রশ্নে যা জানাল ভারত

হাদির খুনিরা রিমান্ডে

শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদের বাংলাদেশে ফেরত পাঠানো বা কনস্যুলার অ্যাকসেস দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে ভারত। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। 

তিনি জানান যে বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের একটি চলমান তদন্তের সাথে সংশ্লিষ্ট হওয়ায় এই মুহূর্তে এ নিয়ে বক্তব্য দেওয়া তার জন্য সমীচীন হবে না। উল্লেখ্য যে অভিযুক্ত দুই বাংলাদেশি ফয়সাল ও আলমগীরকে ইতোমধ্যে পশ্চিমবঙ্গের একটি আদালত ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে।

এর আগে গত ৮ মার্চ পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স একটি অভিযানে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশি ভাষ্যমতে এই দুই অভিযুক্ত অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। 

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওসমান হাদিকে হত্যার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে ভারতীয় পুলিশ। অভিযুক্তদের একজন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালীতে এবং অপর অভিযুক্ত আলমগীর হোসেন ঢাকার বাসিন্দা। তারা ভারতে প্রবেশের পর বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল এবং পুনরায় বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে সীমান্তে জড়ো হয়েছিল।বাংলাদেশ সরকার ইতোমধ্যে এই দুই খুনিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে এবং ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছে। 

তবে ভারত সরকারের পক্ষ থেকে আপাতত আইনি তদন্তের দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধে জড়িত এই ব্যক্তিরা পরিচয় গোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। বাংলাদেশে আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে আনা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তদন্তের স্বার্থে এবং আইনি জটিলতা এড়াতে আপাতত ভারত সরকার চুপ থাকলেও বিষয়টি নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।