শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ১১:১০ এএম

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্মানী কার্যক্রম উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। শনিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের শুভ সূচনা করেন। 

বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মান উন্নয়নে এই সম্মানজনক পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারের এই পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী দেওয়া হবে। একই সঙ্গে ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবায়েত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ সংশ্লিষ্টদের এই সুবিধার আওতায় আনা হয়েছে। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী প্রতিটি উপাসনালয়ের দায়িত্বশীলদের জন্য নির্দিষ্ট অংকের সম্মানী নির্ধারণ করা হয়েছে।নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন। 

অন্যদিকে মন্দির, বৌদ্ধবিহার ও গির্জাগুলোর জন্য মাসিক ৮ হাজার টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। মন্দিরের ক্ষেত্রে পুরোহিত ৫ হাজার ও সেবায়েত ৩ হাজার টাকা পাবেন। বৌদ্ধবিহারের অধ্যক্ষ ৫ হাজার ও উপাধ্যক্ষ ৩ হাজার এবং গির্জার প্রধান যাজক ৫ হাজার ও সহকারী যাজক ৩ হাজার টাকা করে মাসিক সম্মানী হিসেবে গ্রহণ করবেন। এই পদক্ষেপের মাধ্যমে দেশের সকল ধর্মের মানুষের প্রতি সরকারের সমান গুরুত্ব ও অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে।