মার্চ ১৪, ২০২৬, ০৯:১২ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার ভোরে নদীয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ৭ মার্চ বনগাঁও সীমান্ত এলাকা থেকে হাদি হত্যা মামলার অন্যতম দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। মূলত তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই ফিলিপের অবস্থান শনাক্ত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ পুলিশকে জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পারাপার করানোর কাজ করে আসছিলেন। গত ডিসেম্বরে হাদি হত্যাকাণ্ডের পর বাংলাদেশ পুলিশের তৎপরতা বেড়ে গেলে তিনি নিজেই সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যান।
ভারতে অবস্থানকালেও তিনি ফয়সাল ও আলমগীরের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছিলেন এবং পুনরায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন। তবে তার সহযোগীরা পুলিশের হাতে ধরা পড়ায় চাপ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত গোয়েন্দা নজরদারিতে তিনিও ধরা পড়েন।উল্লেখ্য যে গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডটি সে সময় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। বর্তমানে এই মামলার আসামিদের প্রত্যর্পণ ও বিচারিক প্রক্রিয়া নিয়ে দুই দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ফিলিপকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই মামলার তদন্তে আরও গতি আসবে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন