সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা শুরু আজ

জাতীয় ডেস্ক

মার্চ ১৬, ২০২৬, ০১:০২ পিএম

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা শুরু আজ

নির্বাচনী প্রচার শুরু

বগুড়া-৬ এবং শেরপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রক্রিয়া আজ সোমবার থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে সনাতন পদ্ধতিতে ভোটগ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে ইসি। 

গতকাল রোববার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিয়ম অনুযায়ী ভোটগ্রহণের ঠিক ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচার ও জনসভা বন্ধ করতে হবে।

শেরপুর-৩ আসনের নির্বাচনে এবার মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন যে এখানে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান দাঁঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) একজন প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। 

উল্লেখ্য যে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যু হওয়ায় তখন নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন নতুন করে এই আসনের জন্য পুনঃতফসিল ঘোষণা করে।এদিকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনেও তিনজন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম জানান যে এখানে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মো. রেজাউল করিম বাদশা এবং জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. আবিদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী ফুলকপি প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। এই আসনটি মূলত বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এখান থেকে জয়ী হলেও আইন অনুযায়ী ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষিত হওয়ায় বর্তমানে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট দুই রিটার্নিং অফিসার জানিয়েছেন বর্তমানে নির্বাচনের পরিবেশ অত্যন্ত সন্তোষজনক রয়েছে।