মার্চ ২৪, ২০২৬, ১০:২৮ এএম
পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং প্রশাসনিক কার্যক্রম তদারকি শুরু করেন। প্রধানমন্ত্রীর আগমনে সচিবালয় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসে একে অপরের সাথে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রশাসনের কেন্দ্রবিন্দুর এই কর্মজীবীরা।
এর আগে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীসহ সারাদেশের সকল সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। গত ২১ মার্চ শনিবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।
এবারের ঈদযাত্রা ও উৎসব উদযাপন নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ এই অবসর কাটিয়ে কর্মকর্তা-কর্মচারীরা আজ থেকে তাদের নিয়মিত পেশাগত দায়িত্ব পালনে ফিরেছেন।সচিবালয় সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে প্রবেশের পর নিয়মিত নথিপত্র পর্যালোচনা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রশাসনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।
ঈদের পর প্রথম দিন হওয়ায় অধিকাংশ দপ্তরেই কাজের গতির পাশাপাশি সামাজিক সৌজন্যবোধের এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে যারা নাড়ির টানে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা কর্মস্থলে ফিরে আসার ফলে রাজধানী ঢাকাও তার চিরচেনা ব্যস্ত রূপে ফিরতে শুরু করেছে। সরকারের ঘোষিত দীর্ঘ ছুটির ফলে সাধারণ মানুষের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় অনেকটা স্বস্তিদায়ক হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন