সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাজধানীর যানজট কমানো নিয়ে সুখবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৫:১২ পিএম

রাজধানীর যানজট কমানো নিয়ে সুখবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোমেশন হচ্ছে ট্রাফিক সিগন্যাল

রাজধানীর অসহনীয় যানজট নিরসনে নতুন আশার কথা শুনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যালকে পূর্ণাঙ্গ অটোমেশনের আওতায় আনা হবে। 

সরকারের অগ্রাধিকার ভিত্তিক এই কর্মসূচির সুফল এপ্রিল মাসের শেষ নাগাদ নগরবাসী পেতে শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় আমরা আধুনিকায়ন আনতে চাচ্ছি। 

প্রাথমিকভাবে স্বল্পমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই ১২০টি পয়েন্টে কাজ শুরু হয়েছে।" তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রক্রিয়ায় বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশীয় উদ্ভাবনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর ফলে ট্রাফিক পুলিশরা স্বয়ংক্রিয় সংকেতের মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণ করতে পারবেন, যা মানবিক ভুলের হার কমিয়ে আনবে এবং যাতায়াতের সময় সাশ্রয় করবে।

যানজট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, শুধুমাত্র সিগন্যাল অটোমেশন নয়, বরং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকার রাজপথে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশার দাপট নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করার মতো বিষয়গুলোও সরকারের পরিকল্পনায় রয়েছে। এপ্রিলের শেষ নাগাদ এই উদ্যোগগুলোর প্রাথমিক সুফল নগরবাসীর যাতায়াতে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে বলে তিনি মন্তব্য করেন।