সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

২৫ মার্চ কালরাতে প্রতীকী ব্ল্যাক আউট হচ্ছে না

জাতীয় ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৯:৩৫ পিএম

২৫ মার্চ কালরাতে প্রতীকী ব্ল্যাক আউট হচ্ছে না

কর্মসূচি বাতিল ঘোষণা

একাত্তরের ভয়াল ২৫ মার্চের নৃশংস গণহত্যা স্মরণে নির্ধারিত ১ মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি এ বছর পালন করা হচ্ছে না। মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

 এর আগে গত সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল যে, ২৫ মার্চের কালরাতের প্রথম প্রহর স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। তবে আকস্মিকভাবে মঙ্গলবার রাতে এই কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত জানানো হলেও এর সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেনি মন্ত্রণালয়।

ইতিহাস অনুযায়ী, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বরোচিত সামরিক অভিযান চালিয়ে নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। 

সেই কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে নির্বিচারে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাযজ্ঞের স্মরণে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালিত হয়ে আসছিল। গত বছরও রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি পালিত হয়েছিল যেখানে জরুরি স্থাপনা ও বিদেশি মিশনগুলোকে আওতামুক্ত রাখা হয়েছিল।

এ বছরও মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তুতি ও নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে এসে কর্মসূচিটি বাতিলের বার্তা দেওয়া হলো। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা না দেওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে জাতীয়ভাবে স্বীকৃত এবং প্রতি বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। ব্ল্যাক আউট কর্মসূচি বাতিল হলেও অন্যান্য রাষ্ট্রীয় ও সামাজিক অনুষ্ঠানগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পালিত হবে কি না তা নিয়ে এখনও স্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায়নি।