মার্চ ২৫, ২০২৬, ০৭:০৩ পিএম
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং এ দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার ২৫ মার্চ ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় ভারতের রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, ভারত ও বাংলাদেশ কেবল প্রতিবেশী নয়, বরং একটি অভিন্ন ইতিহাস, গভীর সাংস্কৃতিক সংযোগ এবং দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে একে অপরের সঙ্গে শক্তভাবে আবদ্ধ। এই অভিন্ন উত্তরাধিকারই দুই দেশের ঘনিষ্ঠ অংশীদারত্বের মূল ভিত্তি হিসেবে কাজ করে।
দ্রৌপদী মুর্মু তার বার্তায় দুই দেশের পারস্পরিক সহযোগিতার বহুমুখী অগ্রগতির কথা গুরুত্বের সাথে স্মরণ করেন। তিনি বলেন, গত কয়েক বছরে সংযোগ বা কানেক্টিভিটি, বাণিজ্য, উন্নয়ন অংশীদারত্ব, বিদ্যুৎ, জ্বালানি এবং শিক্ষা খাতসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে।
এর ফলে সীমান্তের উভয় পাশের সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব পড়েছে এবং তারা এই সহযোগিতার বাস্তবিক সুফল ভোগ করছেন। বিশেষ করে সক্ষমতা বৃদ্ধি ও বাণিজ্য প্রসারে দুই দেশের বর্তমান সম্পর্ককে তিনি অত্যন্ত ফলপ্রসূ হিসেবে আখ্যায়িত করেন।শুভেচ্ছা বার্তায় ভারতের রাষ্ট্রপতি আরও জানান, ভারত বাংলাদেশের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় করতে অত্যন্ত আগ্রহী।
একই সঙ্গে দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে উদ্দেশ্য করে পাঠানো এই চিঠিতে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা ও শুভকামনা জ্ঞাপন করেন। প্রতিবছর ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে এমন আন্তরিক বার্তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গভীরতা ও বন্ধুত্বপূর্ণ অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন