সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

১১ জুন পে-স্কেল নিয়ে বড় ঘোষণার অপেক্ষায় চাকুরিজীবীরা

জাতীয় ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ১০:৩৩ পিএম

১১ জুন পে-স্কেল নিয়ে বড় ঘোষণার অপেক্ষায় চাকুরিজীবীরা

বাজেট ও পে-স্কেল ভাবনা

আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন পে-স্কেল নিয়ে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগগুলো বর্তমান সরকার কতটুকু এগিয়ে নেবে, তা নিয়ে সচিবালয়সহ প্রশাসনের স্তরে স্তরে আলোচনা চলছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে প্রায় ৯ লাখ কোটি টাকার বিশাল অংকের পরিকল্পনা থাকছে বলে জানা গেছে। তবে এই বাজেটে বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেলের বিষয়টি চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত থাকবে কি না, তা নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি।

সংশ্লিষ্ট সূত্র মতে, ১১ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে এই বাজেট পেশ করা হবে। এবারের বাজেটে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হলেও পে-স্কেল ইস্যুটি নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। 

বিশেষ করে পে-স্কেলের জন্য বরাদ্দকৃত ৪০ হাজার কোটি টাকা ফ্যামিলি কার্ড ও জ্বালানি তেলের ভর্তুকি খাতে ব্যয়ের খবরে প্রশাসনের মাঠ পর্যায়ে অসন্তোষ বাড়ছে। বর্তমানে মধ্যপ্রাচ্য সংকট ও বিশ্ববাজারের অস্থিরতার কারণে সরকার চরম অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। ফলে এককালীন পুরো পে-স্কেল বাস্তবায়ন করা বর্তমান প্রেক্ষাপটে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।অর্থ বিভাগের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে বর্তমান মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হতে পারে। 

ইতোমধ্যে পে-স্কেল ইস্যুটি পুনর্মূল্যায়নের জন্য রিভিউ কমিটি গঠন করা হয়েছে। সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি ১১ জুনের বাজেটে সন্তোষজনক কোনো ঘোষণা না আসে, তবে প্রশাসনে অস্থিরতা তৈরি হতে পারে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানামুখী চাপের মুখে সরকারের পক্ষ থেকে ১১ জুন কী বার্তা আসে, এখন সেদিকেই তাকিয়ে আছেন লাখ লাখ সরকারি চাকুরিজীবী।