মার্চ ২৯, ২০২৬, ১১:৩২ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার সকালে সচিবালয়ে উপস্থিত হয়ে নিজ দপ্তরে না গিয়ে আকস্মিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। সকাল ৯টার কিছুক্ষণ পরই তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং গাড়ি থেকে নেমে সরাসরি ৬ নম্বর ভবনের দিকে হেঁটে যান। সেখানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন।
প্রধানমন্ত্রীর এমন আকস্মিক উপস্থিতিতে সচিবালয় জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ভবনটির ষষ্ঠ তলা পর্যন্ত পর্যায়ক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘুরে দেখেন।
প্রতিটি দপ্তরে গিয়ে তিনি কাজের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন।
এভাবে সচিবালয়ের বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয় সরেজমিনে পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে ফিরে আসেন।উল্লেখ্য যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের গতিশীলতা নিশ্চিত করতে তিনি নিয়মিত বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করছেন। আজ সচিবালয়ে এই আকস্মিক সফরের পর তিনি নির্ধারিত অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আজকের কর্মব্যস্ত সূচিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে যেখানে কৃষক কার্ড সংক্রান্ত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
উক্ত সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সচিবদের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর এই ধরনের ঝটিকা সফর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সচিবালয় পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তাঁর দপ্তরে ফিরে নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন