রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিল করছে সরকার

জাতীয় ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০৩:৫৭ পিএম

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিল করছে সরকার

প্রিপেইড মিটারের মাসিক চার্জ

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এই গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করেন। সরকারের এই পদক্ষেপে দীর্ঘদিনের একটি জনদাবিপূরণ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 

মন্ত্রী জানান যে প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘ সময় ধরে অসন্তোষ ও চাপা ক্ষোভ বিরাজ করছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং একটি জনবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করতে দ্রুতই এই পদ্ধতি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে সারা দেশে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জ করার সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। 

অনেক গ্রাহক বছরের পর বছর ধরে এই চার্জ প্রদান করে আসছেন এবং অভিযোগ করে আসছিলেন যে মিটারের প্রকৃত দাম অনেক আগেই উসুল হয়ে যাওয়ার পরও কেন প্রতি মাসে বাড়তি টাকা কাটা হচ্ছে। এই অযৌক্তিক চার্জ আদায় বন্ধের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদও হয়েছে। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে গ্রাহকরা তাদের রিচার্জ করা অর্থের পুরো সুবিধা ভোগ করতে পারবেন যা সাধারণ মানুষের আর্থিক বোঝা অনেকাংশে কমিয়ে দেবে।

বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে অতীতে মিটার কেনায় অস্বচ্ছতা এবং অতিরিক্ত ব্যয়ের কারণে যে বিশাল আর্থিক বোঝা তৈরি হয়েছিল তা সাধারণ গ্রাহকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার বিদ্যুৎ খাতে পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং সাধারণ গ্রাহকদের অর্থ সাশ্রয় করতে প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে খুব শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হবে। গ্রাহক স্বার্থ রক্ষায় এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এই পদক্ষেপটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।