সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

তোমরা প্রথমেই কেন জুলাই সনদে সই করলা না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০৮:২০ পিএম

তোমরা প্রথমেই কেন জুলাই সনদে সই করলা না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

মুক্তমঞ্চে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

জুলাই সনদে বিএনপি সবার আগে স্বাক্ষর করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন, যারা পরে এই সনদ নিয়ে সরব হয়েছে তাদের প্রকৃত উদ্দেশ্য কী। তিনি বলেন, যারা নির্বাচনের পর জুলাই সনদ নিয়ে গলা ফাটিয়ে ফেলল, তাদের কাছে আমাদের প্রশ্ন—দেশের প্রতি যদি তোমাদের এতই দরদ থাকে, তবে তোমরা প্রথমেই কেন এই সনদে সই করলে না? 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে বিরোধী দলগুলোর দ্বিধাদ্বন্দ্বের সমালোচনা করে বলেন, যেদিন বিএনপি জুলাই সনদে সই করতে যায়, সেদিন অনেকেই সই করবে কি করবে না তা নিয়ে সংশয়ে ছিল। এমনকি এখন যারা বড় বড় কথা বলছে, তাদের মধ্যে একটি দল তখন সই-ই করেনি। অথচ নির্বাচনের পর হঠাৎ করে তাদের মধ্যে অদ্ভুত তৎপরতা দেখা গেল এবং তড়িঘড়ি করে সই করল। 

তিনি দাবি করেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে এবং দলটি তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর।দেশের সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংস্কারের ধারণা বা রূপরেখা বিএনপিই প্রথম দেশবাসীর সামনে তুলে ধরেছিল। ২০১৬ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেওয়া সংস্কার প্রস্তাব এবং পরবর্তীতে ২০২৩ সালে ঘোষিত বিএনপির ৩১ দফাই আধুনিক সংস্কারের মূল ভিত্তি। তিনি দাবি করেন, বর্তমানে গঠিত সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব দিচ্ছে, তার বেশিরভাগই বিএনপির আগে দেওয়া ৩১ দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি প্রমাণ করে যে বিএনপি অনেক আগেই দেশের মানুষের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিল।

গণতান্ত্রিক চর্চা ও সংলাপে গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে সেই সব পার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যুক্তি ও সংলাপের পথ বাদ দিয়ে যারা অরাজকতা সৃষ্টি করতে চায় বা স্বৈরাচারী প্রবণতা ফিরিয়ে আনতে চায়, তাদের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি স্পষ্ট করে বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রেখে উন্নয়ন নিশ্চিত করাই তাঁর সরকারের মূল লক্ষ্য।