সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশে আর মব কালচার থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ১২:১৭ এএম

বাংলাদেশে আর মব কালচার থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আর কোনো প্রকার মব কালচার বা গণপিটুনির সংস্কৃতি থাকবে না বলে সংসদ অধিবেশনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। মন্ত্রী জানান, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে পুলিশসহ অন্যান্য বাহিনীকে নতুন করে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। 

তবে দীর্ঘদিনের পুরনো কাঠামো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি এ বিষয়ে দেশবাসীর সহযোগিতা ও ধৈর্য কামনা করেছেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা দেখা গেছে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। 

এই মব কালচার চিরতরে বন্ধ করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর করতে ইতিমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে যা পর্যায়ক্রমে দৃশ্যমান হবে। তিনি আরও জানান, অতীতে ফ্যাসিবাদের যে ভয়ংকর দৃষ্টান্ত আমরা দেখেছি, তা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার জনবান্ধব সমাধানের পথে এগোতে চায়।

জ্বালানি তেলের বাজার পরিস্থিতি নিয়েও সংসদে গুরুত্বপূর্ণ তথ্য দেন সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, তেলের বাজার কেন্দ্র করে এক ধরণের কালোবাজারি চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে এই ইস্যুতে কোনো প্রকার দোষারোপের রাজনীতিতে জড়াতে চায় না সরকার। পেট্রোলিয়াম বা জ্বালানি জাতীয় কোনো পদার্থ যাতে দেশের বাইরে পাচার না হয়, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি নিশ্চিত করেছে। ইতিমধ্যে বেশ কিছু পাচার প্রচেষ্টা নসাৎ করে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জ্বালানি তেলের সাম্প্রতিক দাম বৃদ্ধি সম্পর্কে ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অর্থনীতির কথা বিবেচনা করেই দাম বাড়ানো হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজার এবং দেশীয় সামর্থ্যের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি দাবি করেন, সরকার এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক প্রক্রিয়ায় রাখতে সক্ষম হয়েছে এবং জনজীবন যাতে স্থবির না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে।