এপ্রিল ২৫, ২০২৬, ১১:২৬ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি এবং জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে বর্তমান সরকার পুরোপুরি বদ্ধপরিকর। শনিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী মনে করেন, একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে এই সনদের বাস্তবায়ন জরুরি।
অনুষ্ঠানে তারেক রহমান উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান আবারও প্রমাণ করেছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক সাধারণ জনগণ। দীর্ঘ সময় ধরে এ দেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করে আসছিল।
বর্তমান সরকার জনগণের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মেধানির্ভর এবং সৃজনশীল মানবসম্পদ গড়ে তোলাই এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
দেশের প্রশাসনিক কাঠামো নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, একটি প্রত্যাশিত ও সমৃদ্ধ দেশ গড়তে হলে জনবান্ধব প্রশাসনের কোনো বিকল্প নেই। আমলাতন্ত্রকে আরও বেশি সেবাধর্মী হতে হবে এবং জনগণের সেবক হিসেবে নিজেদের পরিচয় দিতে হবে। এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁর মতে, দক্ষ ও আধুনিক আমলাতন্ত্রই পারে রাষ্ট্রের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে।
এর আগে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচন শেষে তিনি নবনির্মিত ভবনের বিভিন্ন অংশ এবং বিয়াম ফাউন্ডেশনের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন