এপ্রিল ২৫, ২০২৬, ০২:৩৮ পিএম
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক সাধারণ মানুষ। শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে `বিয়াম ফাউন্ডেশন`-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মন্তব্য করেন।
তিনি মনে করেন, দীর্ঘ সময় ধরে এ দেশের জনগণ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার স্বপ্ন দেখে আসছিল। বর্তমান সরকার সেই গণ-আকাঙ্ক্ষারই একটি প্রকৃত প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।
আধুনিক ও সমৃদ্ধ এক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমলাতন্ত্রকে আরও বেশি জনমুখী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নিজেদেরকে জনগণের প্রভু নয় বরং সেবক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য পেশাগত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করার তাগিদ দেন তিনি।
সরকারের মূল অঙ্গীকার তুলে ধরে তিনি আরও জানান যে, বর্তমান প্রশাসন একটি মেধানির্ভর, আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর মতে, দক্ষ আমলাতন্ত্র ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখনই সরকারে ছিল, তখনই দেশ ও জনগণের স্বার্থে একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে কাজ করেছে।
ভবিষ্যতেও এই উন্নয়নমূলক ধারা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়াম ফাউন্ডেশনের সামগ্রিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিমিনয় সভায় মিলিত হন।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের ভিজিটর বইয়ে স্বাক্ষর করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন