এপ্রিল ২৮, ২০২৬, ০৯:২৪ পিএম
সংঘাত ও হানাহানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে তিনি এই আহ্বান জানান।
সংসদে দেওয়া বক্তব্যে হুইপ দুলু সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে সংসদীয় ইতিবাচক সংস্কৃতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে আজ এই জাতীয় সংসদ এবং গণতন্ত্র ফিরে এসেছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।
হুইপ দুলু তার বক্তব্যে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের সূত্র ধরে অতীতের রাজনৈতিক তিক্ততার কথা স্মরণ করেন।
তিনি বলেন, ১৯৯৬ সালের নির্বাচনের পর তিনি যখন প্রথম সংসদে এসেছিলেন, তখন সরকারি দলের ভাষা ও আচরণ ছিল অবর্ণনীয়। শেখ মুজিবুর রহমানের সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সিরাজ শিকদার হত্যার মধ্য দিয়ে এ দেশে গণতন্ত্র হত্যার শুরু হয়েছিল।পরবর্তীতে বেগম খালেদা জিয়ার আমলের কথা উল্লেখ করে তিনি বলেন, তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন তিনি বেগম জিয়াকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবেন না। সেই নেতিবাচক সংস্কৃতি থেকে এখন বেরিয়ে আসার সময় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তারেক রহমান ও শফিকুর রহমানের নেতৃত্বের প্রশংসা করে হুইপ দুলু বলেন, তারা যে ইতিবাচক সংসদীয় কালচারের চর্চা শুরু করেছেন, তা যেন অব্যাহত থাকে। যতই ষড়যন্ত্র হোক, ফ্যাসিস্টরা যেন আর সুযোগ না পায়। বাংলাদেশ এখন ফ্যাসিস্ট মুক্ত এবং আগামী দিনে জনগণ ভোট না দিলে তার দল বিরোধী দলেই বসবে বলে তিনি ঘোষণা দেন।
সাংবাদিকদের অধিকার ও জীবনমান নিয়ে কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন, সরকারি কর্মচারীদের মতো যোগ্যতা অনুযায়ী সাংবাদিকদেরও নিয়মিত বেতন নিশ্চিত করা প্রয়োজন। সাংবাদিকরা ভালো থাকলে দেশও ভালো থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বক্তব্যের শেষ দিকে তিনি অতীতে সাংবাদিকতার নামে চরিত্র হননকারীদের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, যারা ওয়ান ইলেভেনের নায়ক ছিল এবং যারা ব্যারিস্টার আমীর-উল ইসলাম, মতিউর রহমান নিজামী ও দেলোয়ার হোসেন সাঈদীকে ‘জঙ্গি ট্যাগ’ দিয়ে চরিত্র হনন করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এসব সাংবাদিককে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন