রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

সৌদিতে পৌঁছেছেন ৩৮ হাজার হজযাত্রী, ৭ জনের মৃত্যু

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০১:০০ পিএম

সৌদিতে পৌঁছেছেন ৩৮ হাজার হজযাত্রী, ৭ জনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বুধবার (২৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।বুলেটিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন হজযাত্রী সৌদি আরবে অবস্থান করছেন। 

হজ যাত্রীদের পরিবহনে এখন পর্যন্ত মোট ৯৫টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪২টি, সৌদি এয়ারলাইনসের ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইট রয়েছে।

এদিকে সৌদি পৌঁছানোর পর এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট বিভাগ। মারা যাওয়া সাতজনই পুরুষ। এর মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ মঙ্গলবার মদিনায় রংপুরের কোতোয়ালির মো. শামসুল আলম (৬৩) নামে এক ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়েছে। 

তিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন এবং এ বছর সরকারি ব্যবস্থাপনায় এটিই প্রথম মৃত্যু।এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় এবং একই দিন মক্কায় শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মারা যান। এ ছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইলের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।