শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাছাই ২ মে

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৭:২৪ পিএম

সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাছাই ২ মে

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাছাই ২ মে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের প্রেক্ষিতে আগামী ২ মে (শনিবার) তার মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রার্থী হওয়ার আবেদন করেছিলেন। 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা নুসরাত তাবাসসুমের বাবার নাম মোহাঃ আব্দুল হালিম।পরবর্তীতে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত ৫০২২ অফ ২০২৬ নম্বর রিট পিটিশনের গত ২৭ এপ্রিলের আদেশের পরিপ্রেক্ষিতে কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়। 

হাইকোর্টের এই নির্দেশনা বাস্তবায়নে নির্বাচন কমিশন এখন নতুন সময়সূচি নির্ধারণ করেছে। আগামী ২ মে শনিবার সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে।ইসির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাছাইকালে প্রার্থীসহ তাঁর প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের ৫০৪ নম্বর কক্ষে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে।

উচ্চ আদালতের নির্দেশের পর ইসির এই সিদ্ধান্ত প্রার্থী ও সংশ্লিষ্ট জোটের জন্য একটি নতুন আইনি সুযোগ তৈরি করল।উল্লেখ্য, নির্বাচন কমিশনের এই আদেশটি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। সংরক্ষিত নারী আসনের অন্যান্য প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হলেও আদালতের রায়ে নুসরাত তাবাসসুমের ক্ষেত্রে এই বিশেষ সময়সূচি ঘোষণা করা হলো। বর্তমানে নির্বাচন কমিশন এই বাছাই কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করছে।