রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

জাতীয় ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ১০:২১ এএম

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিহত হজযাত্রী শামসুল আলম।

সৌদি আরবে পবিত্র হজ পালনরত অবস্থায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শামসুল আলম (৬৩)। তিনি মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টায় ইন্তেকাল করেন।শামসুল আলম রংপুর মহানগরের কোতোয়ালী থানার ভোগিবালাপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম আজিজুল ইসলাম এবং মাতার নাম শামসুন নাহার। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনি সৌদি আরব গিয়েছিলেন।

মদিনা আল-মুনাওয়ারার বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে তিনি মদিনার বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত স্থানীয় কিং ফাহদ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরবর্তীতে বুধবার (২৯ এপ্রিল) ফজর নামাজের পর মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকী কবরস্থানে শামসুল আলমের দাফন সম্পন্ন হয়। জানাজা শেষে তাঁকে দাফন করার সময় স্থানীয় প্রবাসী ও হজ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হজ অফিসের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি হজ মৌসুমে এ নিয়ে এখন পর্যন্ত মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় মদিনা ও মক্কায় সার্বক্ষণিক মেডিকেল টিম কাজ করছে।