শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের সব থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় ডেস্ক

মে ২, ২০২৬, ০২:৪৮ পিএম

দেশের সব থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ঢাকাসহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন।থানা পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। 

এ সময় তিনি রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী তাঁদের নিয়মিত কাজের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা শোনেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ জনগণকে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করতে হবে। থানায় আসা সেবাগ্রহীতারা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। বিশেষ করে মধ্যস্বত্বভোগী বা দালালদের প্রভাব থেকে থানাগুলোকে পুরোপুরি মুক্ত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে জানান, পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি সেবা প্রাপ্তি সহজতর করাই পুলিশের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

থানা পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিএমপির উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী থানার সার্বিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি বাড়ানোর জন্য কর্মকর্তাদের তাগিদ দেন।