সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দুর্নীতির সঙ্গে কোনো আপস নেই; প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ৩, ২০২৬, ১২:১৬ পিএম

দুর্নীতির সঙ্গে কোনো আপস নেই; প্রধানমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতির সঙ্গে তাঁর সরকার কোনো ধরনের আপস করতে চায় না। দলমত-নির্বিশেষে সবাইকে নিয়মের মধ্যে আনাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সুশাসনকে রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রতিফলন ঘটে। তাই জনপ্রশাসনে পদায়ন ও বদলির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র নীতি হিসেবে গ্রহণ করা হবে। 

তিনি জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতে হবে এবং দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে নিজেদের প্রস্তুত রাখতে হবে।দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন, ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে। 

তবে সবার সহযোগিতা পেলে এই বোঝার ভার কমানো সম্ভব হবে। দেশে গত কয়েক বছরে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং প্রায় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। জনগণের দুর্ভোগ না বাড়িয়ে এসব সমস্যার সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে সরকার।ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। 

বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দেন যেন সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়।তিনি আরও বলেন, একটি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তোলাই তাঁর সরকারের মূল দর্শন। এই লক্ষ্য অর্জনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। চার দিনব্যাপী এই সম্মেলনে সারা দেশের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা অংশ নিচ্ছেন, যেখানে মাঠ পর্যায়ের উন্নয়ন ও সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হবে।