মে ৩, ২০২৬, ০৩:৩৫ পিএম
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হওয়া চার দিনব্যাপী ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী দিনে জেলা প্রশাসকদের জন্য একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) সকালে সম্মেলনের উদ্বোধন শেষে তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সরকারের বিভিন্ন লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নেওয়া কঠোর সিদ্ধান্তের কথা উল্লেখ করে জানান, সন্ধ্যা ৭টার মধ্যে দেশের সব মার্কেট ও শপিং মল বন্ধ নিশ্চিত করতে হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) কার্যক্রম বৃদ্ধি এবং জনগণের ন্যায্য অভিযোগগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে তিনি জেলা প্রশাসকদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকার নির্দেশ দেন।
বিশেষ করে বাল্যবিবাহ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং খাদ্যে ভেজালকারীদের কোনোভাবেই ছাড় না দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সততা, মেধা ও দক্ষতাই হবে বর্তমান সরকারের আমলে জনপ্রশাসনে পদায়ন ও বদলির একমাত্র মাপকাঠি।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্দেশনায় আরও উল্লেখ করেন যে, ছাত্র-ছাত্রীদের জন্য সংস্কৃতি ও খেলাধুলার প্রতিযোগিতা কেবল শীতকালে সীমাবদ্ধ না রেখে সারা বছর আয়োজন করতে হবে। দেশকে বন্যা ও খরা থেকে বাঁচাতে জেলা প্রশাসকদের পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ অনুযায়ী একটি নৈতিক ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনই তাঁর সরকারের মূল লক্ষ্য।
এবারের ডিসি সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন থাকছে, যার মধ্যে ৩০টি কার্য অধিবেশন। ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং জনসেবাকেই অগ্রাধিকার দিতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন