মে ৩, ২০২৬, ০৩:৫৭ পিএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় মোট ২৭টি পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এর বাইরে যত্রতত্র কোনো হাট বসতে দেওয়া হবে না এবং সীমান্ত এলাকায় কোনো পশুর হাট বসানোর অনুমতি থাকবে না। রোববার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, রাজধানীর উত্তর অংশে ১৬টি এবং দক্ষিণ অংশে ১১টি হাটসহ মোট ২৭টি হাট ইজারার জন্য প্রস্তুত করা হয়েছে। সারাদেশে পশুর হাটের সংখ্যা ৩ হাজার ৬০০টির বেশি হবে। নির্ধারিত হাটের বাইরে কোথাও পশুর হাট বসতে দেওয়া হবে না।
একই সঙ্গে সীমান্ত দিয়ে যাতে কোনো অবৈধ পশু দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি করবে।কুরবানির পশুর সরবরাহ পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, চলতি বছরে দেশে কুরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি।
বিপরীতে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। সেই হিসেবে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখ ২৭ হাজার পশু উদ্বৃত্ত থাকতে পারে। ফলে কুরবানির পশু নিয়ে কোনো সংকটের আশঙ্কা নেই এবং দেশীয় উৎপাদন দিয়েই সম্পূর্ণ চাহিদা পূরণ সম্ভব হবে।
তিনি আরও বলেন, অতীতে কুরবানির সময় বিদেশ থেকে পশু আসায় দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হতেন। এ বছর এটি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর থাকবে এবং প্রয়োজনে সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবেন। পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিটি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে।
কুরবানির পশু পরিবহনের সময় হয়রানি ও চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মন্ত্রী জানান, ১ মে থেকে চাঁদাবাজি ও রাহাজানির বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। এ ছাড়া অনলাইনে পশু কেনাবেচার ক্ষেত্রে কোনো খাজনা বা হাসিল নেওয়া হবে না। কুরবানির হাট থেকে উৎপন্ন বর্জ্য একই দিনেই অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় তিনি হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন