রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দুই দিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার; ডিএমপির বিশেষ বার্তা

জাতীয় ডেস্ক

মে ৩, ২০২৬, ০৪:১৯ পিএম

দুই দিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার; ডিএমপির বিশেষ বার্তা

মো. সরওয়ার

রাজধানীতে গত দুই দিনে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ ও তাদের ৯৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এই তথ্য জানান।ভারপ্রাপ্ত কমিশনার জানান, পুলিশের এখন মূল গুরুত্ব থাকবে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনায়। 

একই সঙ্গে রাজধানীতে চাঁদাবাজ, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। অপরাধ দমনের অংশ হিসেবে চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়াসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে ‘সমন্বিত নিরাপত্তা কৌশল’ গ্রহণ করেছে ডিএমপি।

মো. সরওয়ার বলেন, বর্তমানে কিছু মাঝারি পর্যায়ের সন্ত্রাসী বা শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে অপরাধ সংঘটিত হলেও তারা মূলত নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সাধারণ মানুষের ওপর বড় ধরনের হামলার ঘটনা তুলনামূলক কম। তবে এসব অপরাধী চক্রকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে এবং গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে চিহ্নিত অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান, আকস্মিক ব্লকরেইড এবং চেকপোস্ট বসানো হচ্ছে। গোয়েন্দা নজরদারি ও সিসিটিভির মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিবি, সিটিটিসির সাদা পোশাকের সদস্য ও সাইবার মনিটরিং টিম আধুনিক প্রযুক্তির সহায়তায় অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। অনলাইন জুয়া ও প্রতারণা ঠেকাতেও প্রযুক্তিভিত্তিক তদন্ত জোরদার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে ভারপ্রাপ্ত কমিশনার জানান, শনিবার ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ছোট বিক্রেতাদের পরিবর্তে বড় বড় মাদকের চালান জব্দ করা হচ্ছে। সক্রিয় মাদক কারবারিদের গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের পেছনের গডফাদারদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।