রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

জাতীয় ডেস্ক

মে ৩, ২০২৬, ০৯:৩২ পিএম

শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

শপথ নিলেন নারী এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) রাতে সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথকক্ষে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে এর আগে ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গত ৩০ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। 

গেজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠানোর পর আজ এই শপথের আয়োজন করা হয়।আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুযায়ী এবার সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়েছে। 

সে অনুযায়ী বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১৩ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। তাঁরা সবাই গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে মাহমুদা আলম মিতু এবং মনিরা শারমিন এনসিপির প্রার্থী ছিলেন। তবে ২৩ এপ্রিল বাছাইকালে মনিরা শারমিনের মনোনয়নপত্রটি বাতিল করা হয়।

এর ফলে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে কমিশন। বাকি একটি আসনে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান থাকায় সেই পদের গেজেট পরে প্রকাশ করা হবে বলে জানা গেছে।আজ বিএনপি জোট থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী এবং জীবা আমিনা খান। 

এ ছাড়াও মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা শপথ নিয়েছেন।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে শপথ নিয়েছেন নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলু, প্রকৌশলী মারদিয়া মমতাজ, মেরিনা সুলতানা, মাহফুজা খানম, সাজেদা সামাদ এবং জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগম। এ ছাড়া জামায়াতের ছেড়ে দেওয়া তিনটি আসনে জোটের প্রার্থী হিসেবে শপথ নিয়েছেন ডা. মাহমুদা মিতু (এনসিপি), তাসমিয়া প্রধান (জাগপা) এবং ইঞ্জিনিয়ার মাহবুবা করিম (বাংলাদেশ খেলাফত মজলিস)।শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।