মে ৫, ২০২৬, ০৯:৪৮ এএম
যুক্তরাষ্ট্রের ‘অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ’ বা ইউএসটিআর-এর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ তিন দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। তাঁর এই সফরের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সই হওয়া বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করা।
সোমবার (৪ মে) ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক মিডিয়া নোটে এই সফরের তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে ৫ থেকে ৭ মে ঢাকা সফর করবেন। এই সফরে পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নে অংশীদারি প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র।
চুক্তির ফলে উভয় দেশের পণ্যের বাজারে প্রবেশাধিকার সহজ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিনিয়োগের ক্ষেত্রে থাকা বাধাগুলো দূর করে বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে।
এই সফর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মার্কিন দূতাবাস জানিয়েছে। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটনের পক্ষ থেকে এটিই কোনো বাণিজ্য প্রতিনিধির প্রথম ঢাকা সফর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন