জুন ৪, ২০২৬, ০৯:৪৩ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ঠেকাতে ডেমোক্র্যাটরা বিলটি এনেছিল।প্রস্তাবের পক্ষে ২১৫টি এবং বিপক্ষে ২০৮টি ভোট পড়েছে।
ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নেওয়ার বাধ্যবাধকতা তৈরি হলো এর মাধ্যমে। ট্রাম্পের ক্ষমতা কমানোর এটি প্রথম সফল প্রচেষ্টা। এর আগে তিনবার এমন উদ্যোগ ব্যর্থ হয়েছিল।
মার্কিন সংবিধান অনুযায়ী সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল কংগ্রেসের। দীর্ঘদিন ধরে এই চর্চা অনুপস্থিত থাকলেও এবার তারা জোরালোভাবে নিজেদের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
রিপাবলিকান নিয়ন্ত্রিত কক্ষ থেকে প্রস্তাবটি পাস হওয়া ট্রাম্পের জন্য বড় ধাক্কা। যদিও তিনি এতে ভেটো দেবেন বলে ধারণা করা হচ্ছে।ডেমোক্র্যাটদের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন চারজন রিপাবলিকান সদস্য।তারা হলেন টম ব্যারেট, ওয়ারেন ডেভিডসন, ব্রায়ান ফিটজপ্যাট্রিক এবং থমাস ম্যাসি।
যুদ্ধবিরোধী হিসেবে পরিচিত ম্যাসি সম্প্রতি দলীয় বাছাইপর্বে ট্রাম্প সমর্থিত প্রার্থীর কাছে হেরে গেছেন। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেটে চূড়ান্ত ভোটাভুটি কবে হবে তা এখনো স্পষ্ট নয়। গত মাসে সেখানেও তিনজনের সমর্থনে একই ধরনের একটি প্রস্তাব এক ধাপ এগিয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন