সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পুলিশে ৩৯ শীর্ষ কর্মকর্তার রদবদল, ডিআইজি ও এসপি পদে বদলি

জাতীয় ডেস্ক

মে ৫, ২০২৬, ০৭:০৩ পিএম

পুলিশে ৩৯ শীর্ষ কর্মকর্তার রদবদল, ডিআইজি ও এসপি পদে বদলি

পুলিশে ৩৯ কর্মকর্তার রদবদল।

বাংলাদেশ পুলিশে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৯ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে আরএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এসবির ডিআইজি মোহা. ফয়েজুল কবির।

এছাড়া ডিআইজি মো. মোশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। ডিআইজি মো. আশিক সাঈদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সিআইডির মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সানা শামীনুর রহমানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।জেলা পর্যায়েও বড় পরিবর্তন আনা হয়েছে। পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলামকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে এপিবিএন-২ এর এসপি মো. মিজানুর রহমানকে পঞ্চগড়ের নতুন এসপি করা হয়েছে। জয়পুরহাটের এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেলওয়ে পুলিশের শাহনাজ বেগম।

পাবনা জেলার এসপি মো. আনোয়ার জাহিদকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করে তার স্থলে মো. মফিজ উদ্দিনকে পাবনার এসপি করা হয়েছে। এছাড়া নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি এবং ফেনী জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপি ও কেএমপির উপ-পুলিশ কমিশনার এবং এসবির বিশেষ পুলিশ সুপার পদের কর্মকর্তারাও রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ শেষ।