মে ৫, ২০২৬, ০৮:৪৮ পিএম
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ১২ জেলায় পুলিশ সুপার বা এসপি পদে রদবদল করা হয়েছে। নতুন এই আদেশে চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির রমনা বিভাগের সাবেক উপ-কমিশনার মো. মাসুদ আলম।
বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলমের বাড়ি বগুড়া জেলায়। এর আগে ডিএমপির রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
একই প্রজ্ঞাপনে বদলি হয়েছেন আরও কয়েকজন কর্মকর্তা। চট্টগ্রামের বর্তমান এসপি মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনে পাঠানো হয়েছে। অন্যদিকে ডিএমপির উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইল এবং সাতক্ষীরার এসপি আরেফিন জুয়েলকে এপিবিএনে বদলি করা হয়েছে।
রাজশাহীর সারদা পুলিশ একাডেমির আবু সালেহ মো. আশরাফুল আলম গেছেন সাতক্ষীরায়।চাঁদপুরের এসপি রবিউল হাসান ডিএমপিতে এবং ঝালকাঠির এসপি মিজানুর রহমান চাঁদপুরে পদায়ন পেয়েছেন। এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঝালকাঠির এসপি হয়েছেন।
মৌলভীবাজারের এসপি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে বদলি করে সেখানে আরএমপির রিয়াজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফেনীর এসপি শফিকুল ইসলাম পুলিশ সদর দপ্তরের এআইজি হয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন সিএমপির উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন