সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলে ব্যবস্থা

জাতীয় ডেস্ক

মে ৬, ২০২৬, ১১:১১ এএম

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলে ব্যবস্থা

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মীর শাহে আলম জানান, কোরবানির পশু আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে। রাস্তাঘাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে প্রশাসন সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সড়কে যানজট নিরসনের বিষয়েও কথা বলেন এলজিআরডি প্রতিমন্ত্রী। তিনি জানান, আসন্ন কোরবানির হাটকে কেন্দ্র করে সড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে। নিয়মের বিষয়ে তিনি উল্লেখ করেন, ইজারাদাররা হাটের নির্ধারিত সীমানার বাইরে কোনোভাবেই পশু রাখতে পারবেন না।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, হাটগুলোর সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন থাকবে। এছাড়া হাটের ভেতরের শৃঙ্খলা বজায় রাখতে ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবকরাও কাজ করবেন বলে তিনি উল্লেখ করেন।