মে ৭, ২০২৬, ০৬:০৪ পিএম
অনুমতি ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এর পাশাপাশি বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। বৃহস্পতিবার (৭ মে) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরব হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে ও অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে কঠোর হজবিধি কার্যকর করেছে। এ অবস্থায় বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবের নির্ধারিত হজবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, বৈধ হজ পারমিট ছাড়া হজের চেষ্টা করলে আইনগত কঠোর ব্যবস্থার মুখে পড়তে হবে।
মন্ত্রণালয় জানায়, শুধু অবৈধভাবে হজ পালনের চেষ্টা করলেই নয়, এ ধরনের কর্মকাণ্ডে সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ হাজিদের পরিবহন, আবাসন বা অন্য কোনোভাবে সহযোগিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। জড়িত ব্যক্তির সংখ্যার ভিত্তিতে এই জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।
সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই বিধান ট্রাভেল এজেন্সি, আবাসন সেবা প্রদানকারী, যানবাহনের মালিক এবং অবৈধ হাজিদের আশ্রয়দানকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। একই সঙ্গে এসব কাজে ব্যবহৃত যানবাহন আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা হতে পারে। সৌদি আরবের সংশোধিত নিয়ম অনুযায়ী, কেবল অনুমোদিত হজ পারমিটধারীরাই মক্কা ও নির্ধারিত পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন।
এই বিধান সৌদিতে অবস্থানরত বাসিন্দাসহ সব হাজির জন্য প্রযোজ্য হবে। জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় ভিজিট ভিসাধারীরা বৈধ হজ অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ বা সেখানে অবস্থান করতে পারবেন না।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক, বাসিন্দা ও সব ধরনের ভিসাধারীকে কঠোরভাবে এসব বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। আইন লঙ্ঘনের তথ্য প্রধান অঞ্চলগুলোতে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে অভিযোগ জানানো যাবে বলে জানানো হয়েছে। এরই মধ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অভিযান শুরু করেছে। সম্প্রতি মক্কায় ভুয়া হজ পারমিট প্রচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন