মে ৭, ২০২৬, ০৬:১৬ পিএম
সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং, অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এই প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষেই তথ্যপ্রবাহ বা জবাবদিহিতার বাইরে থাকা সম্ভব নয়।
তাই অংশীজনদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটি স্বাধীন ও সর্বসম্মত ‘গণমাধ্যম কমিশন’ গঠন করা এখন সময়ের দাবি। তিনি আরও জানান, সরকার এই ইকো-সিস্টেমে কোনো নিজস্ব অ্যাজেন্ডা বাস্তবায়ন বা কর্তৃত্ব করতে চায় না, বরং একজন অংশীদার হিসেবে সহায়কের ভূমিকায় অবতীর্ণ হতে চায়।
জহির উদ্দিন স্বপন বলেন, আমরা একটি স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছি এবং এই গণতান্ত্রিক ম্যান্ডেটের কারণে আমরা জনগণের কাছে সার্বক্ষণিকভাবে দায়বদ্ধ। তিনি আরও উল্লেখ করেন যে, ডিজিটাল প্ল্যাটফর্ম এখন এতটাই শক্তিশালী যে রাষ্ট্র চাইলেই সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না। সভ্য দেশগুলোতে তথ্য মন্ত্রণালয় নয়, বরং স্বাধীন কমিশনের মাধ্যমেই সব পরিচালিত হয় এবং বাংলাদেশও সেই পথেই হাঁটছে।
মন্ত্রী গণমাধ্যম শিল্পের সঠিক পরিসংখ্যানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, পত্রিকার সার্কুলেশন বা টেলিভিশনের দর্শক সংখ্যার ক্ষেত্রে বর্তমানে কোনো সঠিক পরিসংখ্যান সরকারের হাতে নেই। এ সমস্যা সমাধানে সরকার তিনটি ধাপে কাজ করছে—যৌথ স্টাডি, ডিজিটাল ডাটা কালেকশন এবং সেই তথ্যের ওপর ভিত্তি করে একটি নতুন রোডম্যাপ বা নীতিমালা তৈরি। এতে বিজ্ঞাপনের হার নির্ধারণ ও রাজস্ব আদায়ে স্বচ্ছতা আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিজিটাল বিশ্বের ঝুঁকি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির উৎকর্ষে ব্যক্তিগত গোপনীয়তা এখন হুমকির মুখে। বৈশ্বিক পর্যায়ে যদি কোনো ঐক্যবদ্ধ ফোরাম বা আন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয়, তবে পৃথিবী বড় ধরনের ঝুঁকিতে পড়বে। তিনি এই নতুন ইকো-সিস্টেমকে বুঝতে সংশ্লিষ্টদের জ্ঞানভিত্তিক বিনিয়োগের আহ্বান জানান।
ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাবল টিভি শিল্পের সংশ্লিষ্ট অংশীজন ও সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন