রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

‘হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী’

জাতীয় ডেস্ক

মে ৮, ২০২৬, ১১:১৩ পিএম

‘হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী’

মুরাদনগরে বক্তব্য রাখছেন ধর্মমন্ত্রী।

শেখ হাসিনা যাবজ্জীবন সাজা দিলেও আল্লাহ তাকে মন্ত্রী বানিয়েছেন বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, আল্লাহ যা চান তাই হয় এবং সব ষড়যন্ত্র শেষ করে তিনি আজ জনগণের ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রী হতে পেরেছেন।

শুক্রবার কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়ায় নবনির্মিত ‘মসজিদুল কু’বা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৌদি আরব প্রবাসী মামুন সরকারের উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করা হয়।

ধর্মমন্ত্রী তাঁর বক্তব্যে বিগত এক যুগের রাজনৈতিক পরিস্থিতির স্মৃতিচারণ করেন। তিনি বলেন, এক সময় তাঁর দেশে ফেরা, নির্বাচন করা বা এমপি-মন্ত্রী হওয়া নিয়ে অনেক সংশয় ছিল। তাঁকে নির্বাচন থেকে দূরে রাখতে মামলাও দেওয়া হয়েছিল। 

তবে তারেক রহমানের সিদ্ধান্তে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, মাদক, জুয়া ও চাঁদাবাজি হলো সমাজের ব্যাধি। প্রশাসনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এই কাজে জড়িত ব্যক্তি যে দলের বা মতেরই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে একই দিন সকালে ধর্মমন্ত্রী মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে সরকারি সহায়তা হিসেবে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। এসময় তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে ‘৫ বছরে ৫ কোটি বৃক্ষ রোপন’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।