মে ১০, ২০২৬, ০২:৫৯ পিএম
বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে এবং দেশের আর্থিক উন্নয়নে প্রবাসীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যে এই কার্ডটি আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিমানবন্দরে বিশেষ সুবিধা ও সামাজিক সুরক্ষা পাবেন।
জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সেখানেই চ্যানেল ২৪-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি প্রবাসীদের জন্য একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা জানান।
প্রবাসী কার্ডের বিশেষ সুবিধাসমূহ:
ইমিগ্রেশন সুবিধা: বিমানবন্দরে প্রবাসীদের জন্য দ্রুত ও সম্মানজনক ইমিগ্রেশন সেবা নিশ্চিত করা।
সম্পদের সুরক্ষা: প্রবাসীরা দেশে অবস্থানকালে তাঁদের জানমাল ও স্থাবর-অস্থাবর সম্পত্তির বিশেষ নিরাপত্তা দেওয়া।
লজিস্টিক সাপোর্ট: যারা বেশি রেমিট্যান্স পাঠাবেন, তাঁদের জন্য সরকারিভাবে অতিরিক্ত লজিস্টিক সহায়তা প্রদান।
মরদেহ সরকারি খরচে পরিবহন: বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল প্রবাসে মারা গেলে তাঁদের মরদেহ যেন সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব নীতি গ্রহণ করেছে। এই মানবিক দাবি বাস্তবায়নে সরকার গুরুত্বের সাথে কাজ করছে।
নিরাপদ বিনিয়োগ ও সরাসরি ফ্লাইট: মন্ত্রী জানান, প্রবাসীরা অনেক সময় দেশে বিনিয়োগ করতে গিয়ে জটিলতা বা প্রতারণার শিকার হন। এ সমস্যা সমাধানে একটি ওয়ান-স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে কারিগরি কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।
সিলেট-৪ আসনের উন্নয়ন: নিজের নির্বাচনী এলাকা সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) নিয়ে মন্ত্রী বলেন, এই অঞ্চলটি দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ছিল। বর্তমানে জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণ, গোয়াইনঘাটে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এবং পর্যটন এলাকার নিরাপত্তা জোরদারে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।সাক্ষাৎকারের শেষে তিনি বলেন, কাদা ছোড়াছুড়ি ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, তাঁদের সম্মান রক্ষা করা সরকারের নৈতিক দায়িত্ব।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন