রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

সংখ্যালঘুদের ওপর অত্যাচার সহ্য করব না: ধর্মমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১১, ২০২৬, ০৩:৩৭ পিএম

সংখ্যালঘুদের ওপর অত্যাচার সহ্য করব না: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার সহ্য করা হবে না এবং প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। সোমবার (১১ মে) বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।সংলাপে ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি মুসলমানদের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা জানতে চান সাংবাদিকরা। 

এর জবাবে ধর্মমন্ত্রী বলেন, ভারতের সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। তারা বড় দেশ। তবে তারা যদি ওই দেশের সংখ্যালঘুদের আপন করে নেয় এবং তাদের নিরাপত্তা ও জনগণের অংশ হিসেবে গ্রহণ করে, তবে তাদের প্রতি শ্রদ্ধা আরও বাড়বে।

ভারতে কী ঘটছে সেটি বড় নয় উল্লেখ করে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন জানান, প্রতিবেশী দেশে কোনো ঘটনা ঘটছে বলে বাংলাদেশে সেটি হতে দেওয়া হবে না। তিনি বলেন, ইনশাআল্লাহ, এখানে কোনো সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীর ওপর অত্যাচার, অবিচার বা জুলুম সহ্য করব না। এ বিষয়ে সরকার প্রধানও গুরুত্বের সাথে ভাবছেন বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অনেকেই মেনে নিতে পারছেন না। বিশেষ করে যারা ক্ষমতার স্বাদ পায়নি, তারাই বর্তমানে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।গণতন্ত্র ও সমাজকে সঠিক পথে রাখতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন ধর্মমন্ত্রী। তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, সরকারের ভুল থাকলে তা অবশ্যই তুলে ধরতে হবে। তবে সমাজে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হয় বিধায় তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা জরুরি।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী জানান, হজযাত্রীদের সমস্যা সমাধানে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। খাবারের মান নিয়ে কোনো অভিযোগ উঠলে তা যাচাই করা হচ্ছে এবং এখন পর্যন্ত মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় হজের ব্যয়ও কমানো হয়েছে বলে তিনি দাবি করেন।

সমাজে মাদক, জুয়া ও অপরাধ দমনে অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা তুলে ধরেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। তিনি বলেন, গ্রামগঞ্জে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বর্তমান সরকার কৃষক কল্যাণসহ বিভিন্ন জনমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এসব উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।