রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে এআই ট্রেনিং সেন্টার স্থাপনের আগ্রহ আইসিটি মন্ত্রীর

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১১, ২০২৬, ০৭:৪৭ পিএম

দেশে এআই ট্রেনিং সেন্টার স্থাপনের আগ্রহ আইসিটি মন্ত্রীর

বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ট্রেনিং সেন্টার স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সোমবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে মন্ত্রীর অফিস কক্ষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা জানান।

সাক্ষাৎকালে ফকির মাহবুব আনাম বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় চীনের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো উন্নয়নে চীনা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশে এআই ট্রেনিং সেন্টার স্থাপিত হলে তরুণ-তরুণীরা আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে এবং তথ্যপ্রযুক্তি বিপ্লবের অংশ হিসেবে নিজেদের প্রমাণ করতে পারবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ সবসময় প্রযুক্তিগত উন্নয়ন এবং ডিজিটাল সংযোগ সম্প্রসারণে বিশ্বাস করে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের জনগণের কল্যাণে নতুন সুযোগ তৈরি করবে।

বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, গত তিন থেকে চার দশক ধরে চীনের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো বাংলাদেশে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তাদের প্রযুক্তিগত সহায়তায় দেশের প্রায় ৯৮ শতাংশ জনগোষ্ঠী মোবাইল নেটওয়ার্ক সুবিধার আওতায় এসেছে। এ ছাড়াও এই বিনিয়োগের মাধ্যমে ১০ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশে এআই খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, দূতাবাসের তৃতীয় সচিব ঝাং পেংফেই, বাই ঝাওশি, হুয়াওয়ের প্রতিনিধি মা বেন এবং জেডটিই-এর প্রতিনিধি মাও ইয়ংজুন উপস্থিত ছিলেন।