মে ১২, ২০২৬, ০৯:৩৯ এএম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মানুষ চিরদিন বেঁচে থাকবে না। তবে যতদিন বেঁচে থাকা যায়, ততদিন মা-বাবার দেখাশোনা ও সেবা-যত্নের জন্য শত কর্মব্যস্ততার মধ্যেও সুযোগ তৈরি করে নিতে হবে।সোমবার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।মন্ত্রী বলেন, মা-বাবা পৃথিবী থেকে চলে যাওয়ার পর মন খারাপ থাকা স্বাভাবিক। তাদের জন্য যত বেশি দোয়া করা যায় এবং আত্মার মাগফেরাত কামনা করা যায়, ততই তাদের আত্মা শান্তি পায়। যাদের বাবা-মা নেই, তাদের উচিত বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং দান-সদকা করা।
দোয়া মাহফিলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ মরহুমা বেগম জেবুন্নেছার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বেগম জেবুন্নেছা ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। তিনি তার মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য ছাত্র-ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, যারা বর্তমানে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবদান রাখছেন। তিনি আরও বলেন, একজন আদর্শ মা হিসেবে তিনি তার সন্তানদের নৈতিক মূল্যবোধে গড়ে তুলেছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দোয়া মাহফিল উপলক্ষে ক্যাপিটেশন গ্রান্টভুক্ত ২০ জন এতিম হাফেজ শিশু ছয়বার কোরআন খতম সম্পন্ন করেছে। সবশেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ধানমন্ডি সোবহানবাগ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিশু পরিবারের শিশুরা অনুষ্ঠানে অংশ নেয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন