মে ১২, ২০২৬, ১০:৩৬ এএম
বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে আয়োজিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জাতীয় কর্মশালায় যোগ দিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শপথগ্রহণের ৮৫তম দিনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাবি ক্যাম্পাসে আগমনকে স্বাগত জানিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। তার যাত্রাপথের বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করেছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। ছাত্রদল নেতারা জানান, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের ৮৫তম দিনকে স্মরণীয় করে রাখতে এই প্রতীকী উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা খাতের সংস্কার ও মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। অনুষ্ঠানে উচ্চশিক্ষার বৈশ্বিক মানদণ্ড অর্জনে সরকারের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন