মে ১৩, ২০২৬, ০৮:২৪ পিএম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা মরহুমা বেগম জেবুন নেছার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর রাজধানীর গুলশানের কেন্দ্রীয় আজাদ মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন এবং মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন। এছাড়া পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস ও এম এ মালেক মাহফিলে শরিক হন।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ এবং পেশাজীবী নেতাদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি ডা. হারুন আল রশীদ দোয়া মাহফিলে অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।পারিবারিক উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমার আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মীরা অংশ নেন। মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ অনুষ্ঠিত হয়।
মোনাজাতে মরহুমা বেগম জেবুন নেছার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।গত ৬ মে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম জেবুন নেছা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। পরে ময়মনসিংহ ও দিনাজপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন