সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পদ্মা ব্যারেজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই: এ্যানি

জাতীয় ডেস্ক

মে ১৩, ২০২৬, ১০:৩০ পিএম

পদ্মা ব্যারেজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই: এ্যানি

পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের নিজস্ব স্বার্থের ব্যাপার এবং এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে শুরু হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক বৈঠকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প অনুমোদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের মোট আয়তনের এক তৃতীয়াংশ এলাকার মানুষ এর সুফল পাবে। বিশেষ করে ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। সম্ভাব্য ৩৪ হাজার ৪৯৪ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ৫ বছর মেয়াদি এই প্রকল্পে প্রতি বছর প্রায় ৭ হাজার কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী খাল খননের মাধ্যমে পানি আনা হবে। তবে পানি মজুদের কারিগরি দিকটি এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। গঙ্গা চুক্তি বাস্তবায়নে ইতিমধ্যে একটি কারিগরি দল কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

ফারাক্কা ব্যারেজের প্রভাবে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে এই প্রকল্প বড় ভূমিকা রাখবে বলে জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, রাজবাড়ীতে ব্যারেজের যে অংশটি নির্মিত হবে সেখানে পর্যাপ্ত পানি মজুদ করা হবে। ৫৪টি অভিন্ন নদীর পানির হিস্যার বিষয়টি এই প্রকল্পের সাথে সম্পৃক্ত নয় বলে তিনি পরিষ্কার জানিয়ে দেন।

সচিবালয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে মন্ত্রী প্রকল্পের কারিগরি সক্ষমতা ও অর্থায়নের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। একনেক বৈঠকে প্রকল্পটির বিস্তারিত প্রস্তাবনা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।