মে ১৫, ২০২৬, ১০:১০ এএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ট্রেন যাত্রা নিশ্চিত করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে ২৫ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
রেলওয়ের নির্দেশনা মোতাবেক আজ সকালে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে উন্মুক্ত করা হয়। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। এর আগে গত ১৪ মে দেওয়া হয়েছে ২৪ মে’র টিকিট।
গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ মে পাওয়া যাবে ২৬ মে’র টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র অগ্রিম টিকিট।
রেলওয়ে জানিয়েছে, অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী একটি এনআইডি ব্যবহার করে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করা যাবে। তবে কেনা টিকিট রিফান্ড বা ফেরতযোগ্য হবে না।
যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এটি শুধুমাত্র সাধারণ শ্রেণির জন্য প্রযোজ্য হবে।ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট বিক্রির তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন