মে ১৫, ২০২৬, ১১:৪৯ এএম
চলতি বছর হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (১৫ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তারা দেশটিতে পৌঁছান।
আইটি হেল্পডেস্কের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১৪৬টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭২টি, সৌদি এয়ারলাইনস ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
সৌদি আরবে এখন পর্যন্ত মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। স্থান হিসেবে মক্কায় ১১ জন ও মদিনায় ৩ জন মারা গেছেন। সর্বশেষ গত ১২ মে গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মদিনায় মারা গেছেন।
এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন। গত ১৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবে হজযাত্রীদের যাওয়ার ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার এই ফ্লাইট কার্যক্রম শেষ হবে আগামী ৩০ জুন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন