মে ১৭, ২০২৬, ০৭:১৩ পিএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ নিশ্চিত করতে এবং চামড়া সিন্ডিকেট রুখতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। আজ রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
মন্ত্রী স্পষ্ট করে জানান, যেকোনো ত্যাগ স্বীকার করে হলেও দেশের আলেমদের ওপর কোনো অনাকাঙ্ক্ষিত অন্যায় বা জুলুম হতে দেওয়া হবে না।মাদরাসাগুলোকে যেন কোনোভাবে বঞ্চিত করা না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রী।
অতীতে চামড়ার সঠিক দাম না পেয়ে মাটিতে পুঁতে ফেলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এবার যেন তেমন পরিস্থিতি তৈরি না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। চামড়ার গুণগত মান ভালো রাখার জন্য সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো ও প্রাথমিক সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার জন্য আলেমদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এই খাতের কৃত্রিম সংকট তৈরি কারী চামড়া সিন্ডিকেট এবং দালালদের অনৈতিক দৌরাত্ম্য বন্ধ করার বিষয়ে সরকার এবার অত্যন্ত সোচ্চার ভূমিকা পালন করবে। স্বাধীনতার পর থেকে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতার বিষয়ে কোনো সরকারপ্রধান চিন্তা না করলেও বর্তমান রাষ্ট্রপ্রধান তারেক রহমান সেই বিশেষ উদ্যোগ নিয়েছেন।পর্যায়ক্রমে দেশের সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিরা এই সম্মানী ভাতার আওতায় আসবেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মсচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। এছাড়া সভায় ঢাকা মহানগরের বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষক ও বিশিষ্ট ওলামা-মাশায়েখরা অংশ নিয়ে চামড়ার সুনির্দিষ্ট ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য সরকারের কাছে প্রয়োজনীয় দাবি জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন