শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

ঢাকার জলাবদ্ধতা নিরসনে সুনির্দিষ্ট নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৬:৩৪ পিএম

ঢাকার জলাবদ্ধতা নিরসনে সুনির্দিষ্ট নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী

রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সচিবালয়ে দুই সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এই তাগিদ দেন। ঢাকাকে বাসযোগ্য করতে দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের এই বিশেষ পর্যালোচনা সভাটি অনুষ্ঠিত হয়।সভায় রাজধানী ঢাকা শহরের চলমান অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 বিশেষ করে বর্ষা মৌসুমের জলাবদ্ধতা নিরসন, নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। 

এর জন্য জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।তিনি সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে এবং দ্রুততার সাথে কাজ করার জন্য কড়া নির্দেশনা দিয়েছেন। 

চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি কাজের গুণগত মান শতভাগ বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। এতে করে নগরবাসী যেন খুব দ্রুত এই সব উন্নয়ন কাজের সুফল ভোগ করতে পারেন। সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।