শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

অতি বৃষ্টি ও জলাবদ্ধতায় ফের তলিয়ে গেল চট্টগ্রাম

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৬, ১০:৫৮ এএম

অতি বৃষ্টি ও জলাবদ্ধতায় ফের তলিয়ে গেল চট্টগ্রাম

ছবি : সংগৃহীত

অতি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ফের তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা। টানা বর্ষণে সৃষ্ট এই জলাবদ্ধতার ফলে নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানির কারণে সৃষ্ট ভোগান্তিতে পড়েছেন সকালের অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

পতেঙ্গা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত আগের চব্বিশ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কেবল সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টার ব্যবধানে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদিনই চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে পাহাড়ি এলাকার আশপাশে ভূমিধসের আশঙ্কা প্রকাশ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে।

বৃষ্টির কারণে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ, কাপাসগোলা এবং আগ্রাবাদসহ বহু গুরুত্বপূর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নিচু এলাকাগুলোর বিভিন্ন সড়কে হাঁটু সমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এই সুযোগে কিছু স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন সাধারণ যাত্রীরা। এছাড়া বৃষ্টির পানি অনেকের ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে।

বহদ্দারহাটের খাজা রোড এলাকার স্থানীয় বাসিন্দা হাবিব জানান, সামান্য বৃষ্টিতেই তাদের এলাকার নিচতলায় পানি উঠে যায়। আজ সকালে ছোট সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার সময় চরম বিপাকে পড়তে হয় তাকে। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী নগরবাসী।