মে ২১, ২০২৬, ০৪:১৪ পিএম
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
হত্যাকাণ্ডের এই ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে মন্ত্রী এর দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।তিনি জানান, তদন্ত সাপেক্ষে মামলাটির চার্জশিট আইন বিভাগের কাছে দ্রুততম সময়ে হস্তান্তর করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের এবং আমরা আশা করছি অতি স্বল্প সময়ের মধ্যেই এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে অপরাধীদের ধরার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না এবং দীর্ঘ দিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানো অনেক পেশাদার অপরাধীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
শিশু হত্যার মতো এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে প্রশাসনের কঠোর অবস্থান এবং নিয়মিত মনিটরিং বজায় থাকবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে এবং অপরাধ দমনে কঠোরতা বজায় থাকবে বলে তিনি পুনরায় আশ্বস্ত করেন।সালাহউদ্দিন আহমদ বলেন, জননিরাপত্তা রক্ষায় বর্তমান সরকার সবসময় আপসহীন। রামিসা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন