মে ২১, ২০২৬, ০৬:৫৮ পিএম
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) থেকেই বিজিবি সদস্যরা তাদের নির্ধারিত এলাকাগুলোতে দায়িত্ব পালন শুরু করেছেন। সরকারি নির্দেশনার আলোকে মূলত মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের আগের ৭ দিন এবং পরবর্তী ৩ দিন—মোট ১০ দিন বিজিবি সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন।সূত্রমতে, রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর, বাইপাইল এবং গাজীপুর সিটি করপোরেশন ও চৌরাস্তা এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ টোল প্লাজাগুলোতেও তাদের বিশেষ নজরদারি থাকবে।
এছাড়া যানজটপ্রবণ এলাকাগুলোতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার সময় বিজিবি সদস্যরা নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা প্রদান করবেন।ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের এই কঠোর অবস্থান প্রশংসিত হচ্ছে।
জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিজিবির এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ঈদযাত্রাকে গত বছরের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রিত করবে বলে আশা করা হচ্ছে। মহাসড়কে বিশৃঙ্খলা রোধে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন