মে ২২, ২০২৬, ০৩:২৫ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার ব্যবহার ও ইভিএম পদ্ধতি থাকছে না। একই সঙ্গে এই নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দলীয় প্রতীক ব্যবহারের নিয়মও বাতিল করা হচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্বাচন বিধিমালায় এসব গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।আগামী জুন মাসের মধ্যেই এই নতুন বিধি প্রণয়নের কাজ শেষ হবে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বর্তমান বিধান বাতিল করা হচ্ছে। নির্দলীয় প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমার বাধ্যবাধকতাও আর থাকবে না। উপজেলা নির্বাচন ছাড়া স্থানীয় সরকারের অন্য সব স্তরে জামানতের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে এই নির্বাচনে প্রবাসী বা পোস্টাল ভোটের কোনো সুযোগ থাকছে না।ফেরারি আসামি এবং আইসিটি আইনের মামলায় চার্জশিটভুক্ত ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
চলতি বছরের অক্টোবর বা শেষের দিকে এই নির্বাচন শুরু হতে পারে বলে আশা করছে ইসি। নির্বাচন কমিশনার জানান, ভোট সুষ্ঠু করতে সরকারের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক দলগুলোর আন্তরিক আচরণ সবচেয়ে জরুরি। কমিশন নিজের নীতি ও দৃঢ়তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে। নির্বাচনী দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদেরও সততা ও নেতৃত্বের সক্ষমতা দেখাতে হবে।
সহিংসতা রোধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি দলগুলোর নিজস্ব রাজনৈতিক প্রতিশ্রুতি থাকার আহ্বান জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো আচরণবিধি মেনে চলায় ভোটের পরিবেশ ভালো ছিল। আসন্ন নির্বাচনে কোনো অনিয়ম ধরা পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে ভোটকেন্দ্র বন্ধ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন