মে ২২, ২০২৬, ০৯:৩৩ পিএম
ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও বিশেষ বোনাস দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মোট ১৩টি সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের কাছে এই বোনাসের আর্থিক চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।অনুষ্ঠানে সারা দেশের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসকেরা উপস্থিত ছিলেন।
এর মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করেন।
এছাড়া খুলনার প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুরের শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জের অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান ও সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অন্য প্রশাসকেরা সেখানে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই বিশেষ ঈদ বোনাস বিতরণের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে গুলশানের কার্যালয়ে এসে দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই উপহার তুলে দেন। এর আগে বিকেলে তিনি নিজের বাসভবনে আসরের নামাজ শেষ করে পায়ে হেঁটে দলীয় কার্যালয়ে আসেন। উল্লেখ্য, বিগত ঈদুল ফিতরেও দেশের সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার পেয়েছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন