রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর,আইনমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ২৩, ২০২৬, ০১:১৮ পিএম

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর,আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হবে পবিত্র ঈদুল ফিতরের ছুটির পরপরই। শনিবার এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বহুল প্রতীক্ষিত ডিএনএ রিপোর্ট পাওয়া গেলে ঈদের ছুটির আগেই আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে পুলিশ।

ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তী সময়ে মূল বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকে।রিপোর্ট হাতে পাওয়ার পরপরই তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন এবং সব ঠিক থাকলে ঈদের আগেই তা সম্ভব হবে। 

মামলাটির বিচার কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মন্ত্রী। উচ্চ আদালতে এই ধরনের চাঞ্চল্যকর মামলার আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের ক্ষেত্রে যে দীর্ঘসূত্রতা তৈরি হয়, তা নিয়েও কথা বলেন তিনি। বিচারিক আদালতে রায় হওয়ার পর ডেথ রেফারেন্সের জন্য হাইকোর্টে পেপার বুক তৈরিতে অনেক সময় নষ্ট হয়।

এর ফলে ভুক্তভোগী পরিবারগুলোর চূড়ান্ত রায় ও ন্যায়বিচার পেতে দীর্ঘ বিলম্ব ঘটে।এই আইনি প্রক্রিয়াটি কীভাবে আরও দ্রুত এবং সহজ করা যায়, তা নিয়ে সরকার বর্তমানে গুরুত্বের সঙ্গে কাজ করছে। সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে এর আগে প্রশাসনকে বিশেষ আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।